দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার বংশবিস্তার রোধে নড়াইলে সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে নড়াইল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে নড়াইল জেলা হাসপাতাল চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতাকর্মীদের পাশাপাশি অতিথিরাও এ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবীর, জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুব্রত কুমার, সাবেক আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুজল কুমার বকসী, শিশুবিশেষজ্ঞ চিকিৎসক আলিমুজ্জামান সেতুসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও কর্মকর্তারা।
সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। ফুলের টব, পুরোনো টায়ার, ডাবের খোসা, ড্রাম বা পরিত্যক্ত পাত্রে তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না। অব্যবহৃত পাত্র উল্টে রাখতে হবে এবং জমে থাকা পানির পাত্র ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করতে হবে। একই সঙ্গে এডিস মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ ছাড়া লোহাগড়া ও কালিয়া উপজেলাতেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এমএস/