দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের চাপায় আলিসা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দেড় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
শুক্রবার বিকেলে উপজেলার ভূরঘাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার বনগ্রাম গ্রামের ইতালি প্রবাসী আবুল হোসেন ঘরামীর মেয়ে আলিসা তার দাদার সঙ্গে ভূরঘাটা এলাকায় মিষ্টি খেতে এসেছিল। পরে রাস্তা পার হওয়ার সময় বিএমএফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ গড়ে তোলেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও কালকিনি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
প্রায় দেড় ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএস/