দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার ইসলাম অবমাননাকর ও উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ‘সচেতন ইসলামপ্রিয় জনতা’ নামে একটি সংগঠন।
মঙ্গলবার( ২ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় আয়োজিত কর্মসূচিতে জেলা হেফাজতে ইসলামের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন বলে আয়োজকদের দাবি।
মানববন্ধনে বক্তব্য দেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাজী মহিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সংসদ সদস্য রুমিন ফারহানা সম্প্রতি এক বক্তব্যে ইসলামের আজান ও ওয়াজ সম্পর্কে কটূক্তি করেছেন। এ জন্য তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এ সময় তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া ‘ইসলামী সংস্কৃতির জনপদ’ এবং সেখানে কোনো ‘অপসংস্কৃতি’ চলতে দেওয়া হবে না। বক্তাদের দাবি, ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রে ইসলামের বিভিন্ন বিষয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। এ কারণে ব্রাহ্মণবাড়িয়ায় ওই চলচ্চিত্রসহ প্রকাশ্যে কোনো সিনেমা প্রদর্শনের বিরোধিতা করেন তারা।
প্রসঙ্গত, গত ৩০ মে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে কওমি শিক্ষার্থী ও স্থানীয় কিছু সংগঠনের বিরোধিতার মুখে তা স্থগিত করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জে আই