দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা–সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়ায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনালেখ্যভিত্তিক ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রধান অতিথি হিসেবে এ ম্যুরালের উদ্বোধন করেন।
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, আগের নকশা ও কাঠামো অনুসরণ করে নতুনভাবে বড় পরিসরে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। এর উচ্চতা ৩১ ফুট এবং প্রস্থ ২২ ফুট, যেখানে আগে এটি ছিল ১৬ ফুট বাই ১২ ফুট। ঢাকা–সিলেট মহাসড়ক প্রশস্তকরণ কাজের কারণে গত ২০ জানুয়ারি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ভাস্কর্য পরিবারের অনুমতিতে সাময়িকভাবে অপসারণ করে সড়ক ও জনপথ অধিদপ্তর।
উল্লেখ্য, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের একজন। মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে পাকিস্তানের একটি বিমানঘাঁটি থেকে যুদ্ধবিমান নিয়ে দেশে ফেরার পথে তিনি বিমান বিধ্বস্ত হয়ে শহীদ হন। তার বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন।
তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগরে। তার স্মৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০৮ সালে সেখানে একটি জাদুঘর নির্মাণ করা হয়। পাশাপাশি ঢাকা–সিলেট মহাসড়কের পাশে রায়পুরার মাহমুদাবাদ নামাপাড়ায় তার স্মরণে ‘বাংলার ঈগল’ ম্যুরাল নির্মাণ করা হয়। ত্রিমুখী কালো পাথরের এই স্থাপনায় একটি স্তম্ভে তার প্রতিকৃতি, অন্যটিতে জীবনবৃত্তান্ত এবং আরেকটি খোলা আকাশের প্রতীক হিসেবে রাখা হয়েছে। মাঝের ত্রিভুজাকৃতির অংশে টেরাকোটায় মুক্তিযুদ্ধের বিভিন্ন দৃশ্য ফুটে উঠেছে। উপরে একটি যুদ্ধবিমানের প্রতীকী ভাস্কর্য সংযোজিত রয়েছে।
এমএস/