দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কলাগাছের তৈরি ভেলাবাইচ প্রতিযোগিতা। ভেলুয়া নদীর তীরে ব্যতিক্রমী এই আয়োজনকে ঘিরে আশপাশের কয়েকটি গ্রামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সোমবার (১ জুন) বিকেলে উড়িবুনিয়া গ্রামের যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির ১০ম আসর। প্রায় ৫০০ গজ নদীপথজুড়ে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন হাজারো মানুষ। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দর্শনার্থীরা শিশুদের মনোমুগ্ধকর ভেলাবাইচ উপভোগ করেন।
প্রতিযোগিতায় মোট ১০টি দল অংশ নেয়। প্রতিটি দলে ২ থেকে ৩ জন করে ৮ থেকে ১০ বছর বয়সী প্রতিযোগী ছিল। সাঁতারে দক্ষ ও প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া শিশুদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মো. জাকারিয়া, দ্বিতীয় হয় মো. আশিক এবং তৃতীয় স্থান লাভ করে মো. রিফাত রাহাদ।

স্থানীয় সমাজসেবক নুরুল আলম বিপ্লব বলেন, ‘চারদিকে নদী বেষ্টিত হওয়ায় এ এলাকায় বিনোদনের সুযোগ তুলনামূলক কম। তাই স্থানীয় যুবকদের উদ্যোগে প্রতিবছর এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি একদিকে যেমন বিনোদনের খোরাক জোগায়, অন্যদিকে গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়তা করে।’
আয়োজক মো. সুলতান তালুকদার জানান, শিশুদের আনন্দ দেওয়া এবং তাদের বিদ্যালয়মুখী করতে গত এক দশক ধরে নিয়মিত এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশ, সামাজিক সম্প্রীতি ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
খেলা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের মাঝে জার্সি বিতরণ করা হয়।
কেএম