দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাইনুল ইসলাম মান্না।
রোববার (৩১ মে) রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন এবং কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে পাঠানো পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়ক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ সিদ্ধান্ত গ্রহণে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা মহলের চাপ কিংবা জোরজবরদস্তি ছিল না বলেও উল্লেখ করেন তিনি।
পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, আমি মো. মাইনুল ইসলাম মান্না ঝালকাঠি জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোনো জোরজবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহ্বায়ক থাকাকালীন সময়ে কেউ যদি আমার কোনো ব্যবহার বা কথায় কষ্ট পেয়ে থাকেন, তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে ঝালকাঠি জেলা আহ্বায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চান।
তিনি আরও লিখেছেন, তিনি সবসময় দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করবেন। একইসঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অনুরোধ জানিয়েছেন। তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় বা জেলা পর্যায়ের কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও এখনো কোনো ঘোষণা আসেনি।
পদত্যাগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-ঝালকাঠি জেলা আহ্বায়ক মো. মাইনুল ইসলাম মান্নার কাছে জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিগত আর পারিবারিক কারণে পদত্যাগ করতে চান, এছাড়া অন্য কিছু না।
এমএম/কেএম