দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ মে) ভোররাত ২টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে। এর মধ্য দিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
নিহতরা হলেন নুর ইসলাম জোমাদ্দার, তার ছেলে ইব্রাহিম জোমাদ্দার এবং হারুন বিশ্বাস।
এর আগে সোমবার বিকেলে মেঘনা নদীর পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেলে তারা নিখোঁজ হন। মঙ্গলবার সকালে পুরাতন হিজলা এলাকা থেকে হারুন বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
হিজলা নৌ পুলিশ জানায়, নৌকাডুবির পর থেকেই পুলিশ ও স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ভাসানচর এলাকায় দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা নৌ পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনরা মরদেহ দুটি নুর ইসলাম জোমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জোমাদ্দারের বলে শনাক্ত করেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে জেলে কার্ডের চাল নিয়ে আটজন যাত্রী একটি ইঞ্জিনচালিত নৌকায় আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশে রওনা হন। পথে পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
এ সময় স্থানীয়রা পাঁচজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন।
হিজলা নৌ পুলিশের পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল জানান, উদ্ধার হওয়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএস/