দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ঘরমুখো মানুষ। তবে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই অনেককে ট্রেনের ছাদ ও ইঞ্জিনে চড়ে গাদাগাদি করে যাতায়াত করতে দেখা গেছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে দিনাজপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্টেশনে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধরা বাধ্য হয়ে ট্রেনের ছাদ, বগির সংযোগস্থল, এমনকি ইঞ্জিনের ওপর বসে যাত্রা করছেন। এতে যে-কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের তাগিদে ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছেন তারা।
অনেক যাত্রী অভিযোগ করেন, পর্যাপ্ত টিকিট না পাওয়া ও অতিরিক্ত যাত্রীর চাপের কারণে তারা নিরাপদে ভ্রমণ করতে পারছেন না। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা স্টেশনে অপেক্ষা করেও ট্রেনের ভেতরে জায়গা পাননি।
দিনাজপুর রেলস্টেশনে দেখা যায়, ট্রেন ছাড়ার আগেই বগির দরজা ও জানালায় ঝুলছেন যাত্রীরা। ছাদে বসা যাত্রীদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ না করার আহ্বান জানানো হলেও অতিরিক্ত চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।
/অ