দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে কালবৈশাখী ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবনের ওপর গাছ ভেঙে পড়ে দুটি শ্রেণিকক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার ৫৫ নম্বর আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনশেড ভবনের ওপর একটি বড় চাম্বল গাছ ভেঙে পড়ে। এতে ভবনের চালা দুমড়ে-মুচড়ে যায় এবং দুটি শ্রেণিকক্ষ পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে। তবে পবিত্র ঈদুল আজহার ছুটি চলমান থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ক্ষতিগ্রস্ত কক্ষগুলোতে ছুটির পর পাঠদান চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘বৃষ্টির সময় হঠাৎ একটি গাছ পড়ে দুইটি শ্রেণিকক্ষের চালা ভেঙে গেছে। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। তিনি মেরামতের জন্য সরকারি বরাদ্দ দেওয়ার আশ্বাস দিয়েছেন।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকতার হোসেন বলেন, ‘ঘটনার পর প্রধান শিক্ষক আমাকে ফোনে জানিয়েছেন। বর্তমানে ঈদের ছুটি থাকায় বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির ছবি তুলে রাখতে বলা হয়েছে। ছুটি শেষে মেরামতের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হবে।’
এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ভবনটি সংস্কার এবং ঝুঁকিপূর্ণ গাছ অপসারণে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। স্থানীয় অভিভাবকরাও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
/অ