দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ইতালি প্রবাসীর বাড়িসহ দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) দিবাগত গভীর রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের গোসাইপুর রাধানগর ঝালুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত ইতালি প্রবাসী রাজিব বর্মনের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির মালিক ইন্দুমোহনকে মারধর করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
পরে দুর্বৃত্তরা ব্যবসার কাজে ব্যাংক থেকে উত্তোলন করা ২ লাখ ৭০ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় বসতঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এক পর্যায়ে ইন্দুমোহনের স্ত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পরিবারের সদস্যদেরও মারধর করা হয়।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, স্থানীয় কাজল চন্দ্র বর্মনের নেতৃত্বে আলাউদ্দীন, নবীর হোসেন ওরফে রুদ্রসহ আরও কয়েকজন এ হামলায় অংশ নেয়।
একই রাতে পাশের আরেকটি বাড়িতেও হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মনজু রানীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা সমিতির জন্য সংরক্ষিত প্রায় ৩ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয়।
নবীনগর থানার ওসি (তদন্ত) রাজিব কান্তি নাথ বলেন, ভুক্তভোগী ইন্দুমোহনের সঙ্গে কাজল চন্দ্র বর্মনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই