দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে বজ্রপাতে ফয়সাল আহমেদ বেপারী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল ওই গ্রামের ফজলুল হক বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবারও ফয়সাল আহমেদ বেপারী নিজের ফসলের মাঠে কাজ করতে যান। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান তিনি। প্রথম দফায় কিছু ঘাস বাড়িতে রেখে আবার মাঠে ফিরে যান। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
বজ্রপাতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন ফয়সাল। কাছেই ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন আরেক কৃষক। তিনি বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চেয়ারম্যান বাজারের ‘ডক্টরস পয়েন্ট’ নামে একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আক্কাস আলী বেপারী বলেন, ‘ফয়সাল আমার ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। আমি ব্যক্তিগতভাবে পরিবারের পাশে আছি। পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকেও পরিবারটিকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাব।’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসাইন বলেন, ‘বজ্রপাতে কৃষক ফয়সালের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এমএস/