দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো এই চার ভাইকে বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে স্থানীয় লালানগর স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে একসঙ্গে দাফন করা হয়।
জানাজায় হাজারো মানুষ অংশ নেন। দূর-দূরান্ত থেকে আসা স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড়ে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় রাঙ্গুনিয়া জুড়ে নেমে আসে শোকের ছায়া।
নিহতরা হলেন, রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তাদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দেরাজাপাড়া এলাকায়।
এর আগে মঙ্গলবার (১৯ মে) রাতে চার ভাইয়ের মরদেহ দেশে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তিনি মরদেহবাহী গাড়ির সামনে দাঁড়িয়ে দোয়া করেন এবং পরে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি জানান, দ্রুত মরদেহ দেশে ফেরত আনতে ওমানে বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করেছে। সরকারের পক্ষ থেকে দাফন ও পরিবহন খরচ বাবদ পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে চার ভাই ওমানে কর্মরত ছিলেন। গত ১২ মে রাতে ওমানের আল বাতিনাহ প্রদেশের আল মিলিদ্দা এলাকায় একটি গাড়ির ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তারা প্রাণ হারান বলে জানা যায়।
মরদেহ গ্রামে পৌঁছানোর পর থেকেই এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। দাফনের জন্য আগে থেকেই পাশাপাশি চারটি কবর প্রস্তুত রাখা হয়েছিল।
জে আই