দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
মঙ্গলবার (১৯ মে) ভোররাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।
আটকরা হলেন— উখিয়ার লম্বাশিয়া ১-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৯ ব্লকের শামসু আলমের ছেলে মো. জাহিদ হোসেন (৩৮), লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকের দিল মোহাম্মদের ছেলে নুর হোসেন (১৮) এবং একই ক্যাম্পের এ-৪ ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩২)।
মোহাম্মদ সিরাজ আমীন বলেন, মঙ্গলবার ভোররাতে উখিয়ার লম্বাশিয়া ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৫ ব্লকের এক ব্যক্তির বসতঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবার চালান লেনদেনের জন্য কয়েকজন লোক জড়ো হয়েছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের একটি দল অভিযান চালায়।
তিনি জানান, পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে ৬ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ৪৩ হাজার ৬০০টি ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান এ এপিবিএন কর্মকর্তা।
/অ