দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৮ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমীন জামাল সিকদার।
লিখিত বক্তব্যে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের আয়-ব্যয়ের হিসাব অর্থ কমিটির অনুমোদন ছাড়াই পরিচালনা, শিক্ষকদের প্রাপ্য টিউশন ফির অর্থ আত্মসাৎ এবং পরীক্ষা দপ্তরের অর্থ ভুয়া ভাউচারের মাধ্যমে সমন্বয়ের অভিযোগ আনা হয়।
এছাড়া কমিটির অনুমোদন ছাড়া কলেজের গাছ বিক্রি, নিজস্বভাবে ভাউচার তৈরি এবং সরকারি সড়ক প্রশস্তকরণের সময় ভেঙে ফেলা সীমানা প্রাচীরের প্রায় ছয় হাজার ইট অন্যত্র সরিয়ে নেওয়ার অভিযোগও করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কলেজের একটি পুরোনো টিনশেড কক্ষ টেন্ডারের মাধ্যমে ৫০ হাজার টাকায় বিক্রি করে সেই অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি কলেজ ভবন সংস্কারের জন্য বরাদ্দ প্রায় ২০ লাখ টাকার কাজ মূল ঠিকাদারের কাছ থেকে নিয়ে অধ্যক্ষ তার ভাগ্নেকে দিয়ে করাচ্ছেন বলেও অভিযোগ করেন বক্তারা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে রোববার বিক্ষুব্ধ এলাকাবাসী অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন বলে জানা গেছে।
তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ মো. নুরুল ইসলাম তালুকদার। তিনি সাংবাদিকদের বলেন, কলেজ ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরেই একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলেছে।
জে আই