দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীতে কাজ শেষে বাইসাইকেলে করে বাসায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন আলী (৫২) নামের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) রাত ১০ টার দিকে শাহাপুর ইউনিয়নের মন্ত্রীর মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন আলী পাকশী ইউনিয়নের নতুন রূপপুর গ্রামের মৃত ইবাদ আলীর ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশি এক কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপপুর পারমাণবিক প্রকল্পের বিদেশি এক কোম্পানিতে তিনি কর্মরত ছিলেন। শনিবার (১৬ মে) রাত ১০ টার দিকে কাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় অপরদিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এসময় মহাসড়কে পড়ে যান তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এছাড়াও মোটরসাইকেল আরোহী দুইজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, ‘কাজ শেষে রাতে তিনি বাড়িতে ফিরছিলেন— এমন সময় মোটরসাইকেলের ধাক্কায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
/অ