দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুনা এলাকায় সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার (১১ মে) দুপুরে বরুনা কেন্দ্রীয় মসজিদ মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মে রাতে বরুনা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মানিক দত্তের প্রাইভেটকারের সঙ্গে একই এলাকার আলালের অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, আলাল ও তার সমর্থকরা মানিক দত্তের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধর চালান। পরে নিরাপত্তার জন্য মানিক দত্ত ও তার পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেনের বাড়িতে আশ্রয় নেন।
পরদিন মানিক দত্তকে আশ্রয় দেওয়ার জেরে আলাল, তার ভাই বিল্লাল, মোমেনসহ সমর্থকরা আলতাব হোসেনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আলতাবের ভাতিজা রিপন ও আমজাদ আহত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিরোধ মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বরুনা কেন্দ্রীয় মসজিদ মাঠে সালিশ বৈঠকের আয়োজন করেন। বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তবে কারা গুলি ছুড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংঘর্ষে আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জে আই