দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পেশাগত মর্যাদা, নির্ধারিত কর্মঘণ্টা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
সোমবার (১১ মে) সকালে গাংনী উপজেলা ফারিয়ার উদ্যোগে শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
বক্তারা বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থায় ওষুধ কোম্পানি ও চিকিৎসকদের মধ্যে সমন্বয় রক্ষায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে দীর্ঘদিন ধরে এ পেশার মানুষ অবমূল্যায়ন ও অনিরাপদ কর্মপরিবেশের মধ্যে কাজ করে যাচ্ছেন।
তারা আরও বলেন, করোনা মহামারির সময় সাধারণ মানুষ যখন ঘরবন্দি ছিল, তখনও জীবনের ঝুঁকি নিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা হাসপাতাল ও চিকিৎসকদের কাছে ওষুধ ও চিকিৎসাবিষয়ক তথ্য পৌঁছে দিয়েছেন। দেশের ওষুধ শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে তাদের অবদান গুরুত্বপূর্ণ।
গাংনী উপজেলা ফারিয়ার সভাপতি মো. আলী হোসেন বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন, তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্যবাহক। বিশ্বের উন্নত দেশগুলোতে এ পেশাকে সম্মানের চোখে দেখা হলেও বাংলাদেশে এখনো যথাযথ মূল্যায়ন করা হয় না।”
সাধারণ সম্পাদক ইসলাম আলী বলেন, আমরা কর্মঘণ্টা নির্ধারণ, নিরাপদ কর্মপরিবেশ ও পেশাগত মর্যাদা নিশ্চিতের দাবি জানাচ্ছি। দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরও আমরা ন্যায্য সম্মান থেকে বঞ্চিত।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. আবুশামা, সদস্য মো. হারুন অর রশিদ, মো. লিটন হোসেন, মো. সোহেল রানা এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।
জে আই