দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, খাদ্যে ক্ষতিকর রঙ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে মাগুরায় দুইটি বিরিয়ানি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১০ মে) দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মাগুরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও নতুন বাজার নিনান্দুয়ালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘হাজী বিরিয়ানি’ ও ‘নান্না বিরিয়ানি’তে তদারকি করে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে অননুমোদিত ও ক্ষতিকর রঙ ব্যবহার এবং ফ্রিজে অপরিচ্ছন্নভাবে খাদ্য সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় ‘নান্না বিরিয়ানিকে’ ১০ হাজার টাকা এবং ‘হাজী বিরিয়ানিকে’ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে এ ধরনের আইনবহির্ভূত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও তদারকি চালানো হয়। এ সময় ব্যবসায়ীদের নকল-ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি বন্ধ এবং অতিরিক্ত মুনাফা না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, জেলা মার্কেটিং অফিসার মো. রবিউল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জে আই