দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশকে ঘেরাও করে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হত্যা, মাদক ও অস্ত্র মামলার আসামি শামীম মিয়াকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৮ মে) রাতে কক্সবাজারের বার্মিজ মার্কেট এলাকা থেকে তাঁকে ছয় সহযোগীসহ আটক করা হয়। গ্রেপ্তার শামীম মিয়া (৪২) রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
তার সঙ্গে আটক অন্যরা হলেন, মানিক ঢালি (৩৪), আব্দুল করিম (৩৫), আবুল হোসেন (৪২), খালিদ হাসান (৩০), রুবেল হাসান (৩২) ও মাসুদ মিয়া (৩৪)। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী তাঁদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, গত ৫ মে ভোরে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে শামীম মিয়াকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা-পুলিশ। পরে তার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা চালায়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানের চাকা কেটে দেওয়া হয় এবং সদস্যদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। একই সঙ্গে পুলিশের একটি ওয়াকি-টকি ও দুটি মোবাইল ফোনও নিয়ে যায় তারা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, হামলার ঘটনায় পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার পর রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পদ নষ্টের অভিযোগে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ জানিয়েছে, ছিনিয়ে নেওয়া ওয়াকিটকিটি গত ৬ মে উদ্ধার করা হলেও পুলিশের দুটি মোবাইল ফোন এখনো উদ্ধার হয়নি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চনপাড়া এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৫ মে শামীম মিয়াকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় গৃহবধূ খাদিজা আক্তার বলেন, পুলিশি অভিযানের পর থেকে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। অনেক পুরুষ সদস্য বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন।
জে আই