দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে মোহাম্মদ কামাল (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি শীর্ষ ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ নবী হোসেনের ছোট ভাই।
বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে উখিয়ার বালুখালী এলাকার ক্যাম্প-৮ এর ফ্রেন্ডশিপ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ কামাল ওই ক্যাম্পের বাসিন্দা মুসা আহম্মদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ। তিনি জানান, অজ্ঞাত কয়েকজন হামলাকারী কামালকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তার বুক ও মাথায় গুলি লাগে।
তিনি আরও জানান, হামলার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের দিনের একটি ঘটনার জেরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
নিহতের স্ত্রী জানান, জোহরের নামাজ শেষে ইজিবাইকে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে। নিহতের চাচাতো ভাই মোহাম্মদ আইয়ুব দাবি করেন, একটি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালিয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
/অ