দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে শতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১ মার্চ) রাত ৯টা থেকে ভোর ৩টা পর্যন্ত প্রায় ছয় ঘণ্টা ধরে উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা ও আমতৈল গ্রাম এলাকায় এ সংঘর্ষ চলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নোহাটা গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী টিটন মোল্যা এবং আমতৈল গ্রামের স্থানীয় বিএনপি নেতা লিপটন মিয়ার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার রাতে লিপটন গ্রুপের লোকজন আশপাশের গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ টিটন গ্রুপের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় টিটন মোল্যার সমর্থক ইদ্রিস বিশ্বাস, মজিদ শেখ, রাজু শেখ ও মন্টু শেখের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। গবাদিপশুও নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। পালটা হামলায় টিটন গ্রুপের লোকজন রিপন খানের দোকান এবং জোয়ারদার বাড়িসহ দাউদ ও তার ভাই গোলাম তাহেরের বাড়ি ও গোয়ালঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। মিন্টু বিশ্বাসের বাড়িতেও লুটপাটের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
গোলাম তাহেরের স্ত্রী নাসিমা খাতুন বলেন, আমার স্বামী ও দেবর দুজনই বাইরে চাকরি করেন। রাতে হঠাৎ করে টিটনের লোকজন এসে আমাদের বাড়িতে আগুন দেয় ও লুটপাট চালায়।
নোহাটা গ্রামের বাসিন্দা লিপি বেগম বলেন, আমার স্বামী রাজমিস্ত্রি। লিপটন মিয়ার লোকজন আমাদের সবকিছু ভেঙে দিয়েছে। এখন ছোট তিন সন্তান নিয়ে কোথায় যাবো বুঝতে পারছি না।
আরেক ভুক্তভোগী সালমা বেগম বলেন, রাতে বাচ্চাদের নিয়ে আতঙ্কে ছিলাম। ঘরে ঢুকে সব ভেঙে দিয়েছে, এমনকি আমার শিশুর সঞ্চয়ের টাকাও নিয়ে গেছে।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তিনি।
জে আই