দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের ক্ষেতলালে সংবাদ প্রকাশের জেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস কক্ষে এক সাংবাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বিকেলে এ ঘটনায় দৈনিক কালবেলার ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি আমানউল্লাহ আমান আহত হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে ইউএনও সানজিদা চৌধুরীর অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছিল। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক তার অনুসারীদের নিয়ে সেখানে প্রবেশ করেন। পরে সরকারি পুকুর থেকে মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আমানউল্লাহ আমানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী সাংবাদিক আমানউল্লাহ আমান বলেন, সংবাদ প্রকাশের জেরে পরিকল্পিতভাবে তার ওপর হামলা করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক বলেন, বড় কোনো ঘটনা ঘটেনি, সামান্য ঠেলাঠেলি হয়েছে।
এ বিষয়ে ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ক্ষেতলাল থানার ওসি মোক্তাদুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকা থেকে লোকজন সরিয়ে দেওয়া হয় এবং সাংবাদিককে নিরাপদে যেতে সহায়তা করা হয়।
এমএস/