দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ শামুক-ঝিনুক জব্দ করেছে বনবিভাগ ও শ্যামনগর থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে শ্যামনগর পৌরসভার সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ বস্তা শামুক-ঝিনুক জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ২২৫০ কেজি।
বন কর্মকর্তা ফজলুল হক জানান, সুন্দরবন এলাকা থেকে অবৈধভাবে আহরিত নিষিদ্ধ প্রায় ৫০ বস্তা (আনুমানিক ২২৫০ কেজি) শামুক-ঝিনুক সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাচারের জন্য কক্সবাজারে নুর আলম নামীয় এক ব্যক্তির নিকট পাঠানোর উদ্দেশ্যে বুকিং করা হয়েছিল। শ্যামনগর উপজেলার মোঃ হানজালা নামীয় এক ব্যক্তি পার্সেল প্রেরণের ব্যবস্থা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল।
স্থানীয়ভাবে প্রাপ্ত অভিযোগ থেকে ফজলুল হক জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে এসব শামুক-ঝিনুক দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছে। পাচারকারীরা শামুকগুলোকে অন্য পণ্যের আড়ালে প্যাকেটজাত করে পাঠায়, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়।
কুলতলী গ্রামের রাজিব হাসান জানান, কুরিয়ার অফিসে প্রায়ই সন্দেহজনক প্যাকেট আসা-যাওয়া করতে দেখা যায়। যথাযথ তদারকি না থাকায় এ ধরনের অবৈধ কার্যক্রম সহজেই চালানো সম্ভব হচ্ছে বলে তারা মনে করেন।
অভিযান প্রসঙ্গে বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, জব্দকৃত শামুক-ঝিনুকের উৎস ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও অভিযান শেষে উদ্ধারকৃত শামুকগুলো বন বিভাগের জিম্মায় নেওয়া হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ -ওসি খালেদুর রহমান জানান, এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকান্ড রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএস/