দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিরা জানান, আলাকপুর গ্রামের ছমির বাড়ি গোষ্ঠীর সাবেক মেম্বার আব্দুল আলী ও তার চাচাতো ভাই মোহাম্মদ আউয়াল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিকসহ বিভিন্ন বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাত থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এর ধারাবাহিকতায় রোববার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের সূত্রপাত কী নিয়ে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস/