দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুর ও তাকে অবরুদ্ধ করার ঘটনার প্রতিবাদে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মোক্তারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. বদরুল আমিন, নায়েবে আমীর মাহবুবুর রহমান, পৌর জামায়াতের আমীর আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী কায়দায় এমপির ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে সংসদ সদস্য মাছুম মোস্তফার ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা করেন। এতে বিএনপির ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। মামলার পর পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
মামলায় পূর্বধলা উপজেলার বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামি করা হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় সংসদ সদস্য মাছুম মোস্তফা শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া গিরিপথ এলাকায় একটি ফিলিং স্টেশনে যান। সেখানে পাশের একটি মসজিদে নামাজ আদায় করতে গেলে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরে তাকে প্রায় আধাঘণ্টা মসজিদে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তাকে নিরাপদে উদ্ধার করা হয়।
অন্যদিকে বিএনপি নেতা আবু তাহের তালুকদার দাবি করেছেন, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন।
জে আই