দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়া উপজেলায় অস্ত্রের মুখে এক ব্যক্তিকে জিম্মি করে গরু ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনসা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মুহাম্মদ নুরুল আলম (৪৬) জানান, তার বসতঘরের পাশেই থাকা গোয়ালঘরে তিনি রাত যাপন করছিলেন। গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল গোয়ালঘরের দরজার লোহার শিকল কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
এরপর দুর্বৃত্তরা বসতঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে নগদ ৩ লাখ ৪৩ হাজার টাকা নিয়ে যায়। একই সঙ্গে গোয়ালঘর থেকে লাল বর্ণের চারটি ষাঁড় গরুও লুট করে। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।
নুরুল আলম বলেন, লুট হওয়া নগদ অর্থ ছিল গরু ও মাছ বিক্রির টাকা এবং এক স্বজনের কাছ থেকে পাওয়া পাওনা। আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুর ব্যাবসা ও ঘর মেরামতের জন্য তিনি অর্থগুলো জমিয়ে রেখেছিলেন।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল মোতালেব মনু মেম্বার জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ, সম্প্রতি পটিয়ার বিভিন্ন এলাকায় গরু চুরির একাধিক ঘটনা ঘটেছে। এর মধ্যে ভাটিখাইন এলাকার করল গ্রাম, পৌর সদরের বাকখালী এলাকা এবং নাইখাইন গ্রামে পৃথকভাবে গবাদিপশু চুরির ঘটনা ঘটেছে।
জে আই