দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার আলীপুর এলাকায় অভিযান চালিয়ে শিউলি আক্তার (২৩) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি শহরের তালতলা এলাকার বাসিন্দা এবং জুবায়ের আলমের স্ত্রী।
সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে বিকেলে খুলনা রোড মোড় থেকে একটি ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার সময় আলীপুর এলাকায় তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।
বিজিবির এই কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত নারীকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জে আই