দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়া-এ পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে ডান হাত ভেঙে যাওয়ার পরও এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বীথি আক্তার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রশাসনের বিশেষ উদ্যোগে একজন শ্রুতিলেখকের সহায়তায় বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেয় সে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের কারণে বিথীর ওপর তার আপন চাচা হামলা চালান।
অভিযোগ রয়েছে, হাতুড়ি দিয়ে আঘাত করে তার ডান হাত গুরুতরভাবে জখম ও ভেঙে দেওয়া হয়। এতে লিখতে অক্ষম হয়ে পড়ায় তার পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে।
বীথি তোফেল আঁকন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার পরিস্থিতির কথা জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেন মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার। তিনি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে বিশেষ আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তারকে শ্রুতিলেখক হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়। অনুমতি পাওয়ার পর বীথি শ্রুতিলেখকের সহায়তায় পরীক্ষায় অংশ নেয়।
শারীরিক কষ্ট সত্ত্বেও পরীক্ষায় অংশ নিতে পারায় বীথি ও তার পরিবার প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ইউএনও আকলিমা আক্তার জানান, আমরা পরীক্ষার্থীর পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। তার চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি যাতে সে শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে, সে জন্য শ্রুতিলেখক প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
জে আই