দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলায় পুকুরে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ইচারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল মোল্লা ওই গ্রামের মো. ওয়াদুদ মোল্লার ছোট ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে পানি সেচ দিচ্ছিলেন রাসেল। একপর্যায়ে মোটরে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি সেটি পরীক্ষা করতে যান। এ সময় অসাবধানতাবশত মোটরের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে স্বজনরা তাকে ফরিদপুরে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, তাকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা অভিযোগ নেই এবং তারা এ ঘটনায় কোনো মামলাও করতে চান না। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জে আই