দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে বাড়ির মালিকের সঙ্গে সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ির মালিক ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) গভীর রাতে আনুমানিক ২টার দিকে সাত সদস্যের একটি ডাকাত দল উজ্জ্বল বাহাদুর (৫১)-এর বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে বাড়ির মালিককে আঘাত করলে তিনি ও তার পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এক ডাকাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই ডাকাতকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিচয় দুলাল (৪০), তিনি বরিশালের হিজলা উপজেলার একতা বাজার এলাকার মজিবর রাড়ীর ছেলে বলে জানিয়েছে পুলিশ। বাকিদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
এ ঘটনায় বাড়ির মালিক উজ্জ্বল বাহাদুর এবং তার ছেলে মিশকাফ বাহাদুর (১৯) গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উজ্জ্বল বাহাদুর স্থানীয় একটি বেসরকারি কলেজের শিক্ষক ও ব্যবসায়ী বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ডাকাতরা ওই বাড়িতে প্রবেশ করেছিল।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ডাকাতির চেষ্টা ও মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই