দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রায় ২০ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকলেও বেতন-ভাতা উত্তোলন করছেন—এমন অভিযোগ উঠেছে।
কলেজ সূত্র ও শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ উদ্দিন মণ্ডল কলেজে আসছেন না। তবে এ সময়েও হাজিরা খাতায় স্বাক্ষর ও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়, অনুপস্থিত থাকাকালেও নিয়োগ বাণিজ্য, ভর্তি ও পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়, শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং হুমকি দেওয়ার মতো একাধিক অনিয়মের সঙ্গে তিনি জড়িত ছিলেন।
২০২১ সালে তৎকালীন অধ্যক্ষ অবসরে যাওয়ার পর থেকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। কলেজে ৬ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।
শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের আগস্টের পর থেকে তিনি আর কলেজে আসেননি। এতে একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নিয়মিত ক্লাসও ঠিকভাবে হচ্ছে না। তাদের দাবি, ভর্তি ও ফরম পূরণের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, অনুপস্থিত থাকলেও একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং বিভিন্ন অনিয়ম অব্যাহত রয়েছে।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ উদ্দিন মণ্ডল বলেন, মামলা থাকায় তিনি পলাতক অবস্থায় আছেন এবং মাঝে মাঝে কলেজে যান। তবে অনিয়ম-দুর্নীতির বিষয়ে সরাসরি সাক্ষাতে কথা বলার কথা বলেন তিনি।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, এ বিষয়ে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। তবে শিক্ষার্থীদের আন্দোলনের পর বিষয়টি জানা গেছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/