দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ভবনের ছাদের প্লাস্টার ধসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
রোববার সকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কক্ষে দশম শ্রেণির ক্লাস চলছিল। এ সময় হঠাৎ করে ছাদের প্লাস্টার খসে শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে জয় সরকার ও মোবাশ্বের হোসেন নামে দুই শিক্ষার্থী আহত হয়।
আহত শিক্ষার্থীরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে রয়েছে।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে ওই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়। বিদ্যালয়ের অন্যান্য কক্ষও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ক্লাস চলাকালে হঠাৎ করে ছাদের প্লাস্টার ধসে দুই শিক্ষার্থী আহত হয়। তিনি জানান, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের ভবনটি ১৯৯২ সালে নির্মাণ করা হয়। দুইবার সংস্কার করা হলেও বর্তমানে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী বলেন, বিষয়টি দুঃখজনক। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাদির হোসেন শামীম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কক্ষটি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/