দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে সাবেক স্ত্রী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে বরপক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমথুরা গ্রামের মহিম উদ্দিন রুবেলের সঙ্গে দক্ষিণ চরবড়ালি গ্রামের রিমা আক্তারের ২০২৪ সালের ১৪ আগস্ট ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর রুবেল প্রবাসে যান। কয়েক মাস আগে দেশে ফিরে এসে স্ত্রী রিমার শারীরিক অক্ষমতার অভিযোগ তুলে গত ৩ মার্চ নোটারি পাবলিকের মাধ্যমে তাকে তালাক দেন বলে দাবি করেন।
শনিবার রুবেলের দ্বিতীয় বিয়ের দিন ধার্য ছিল। এ খবর পেয়ে রিমা আক্তার ও তার স্বজনরা রুবেলের বাড়িতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে রিমা আক্তার, তার মা কোহিনুর বেগম, ভাই সাইফুল ইসলাম, খালাতো ভাই রাব্বি ও খালা সাহিনুর বেগমসহ অন্তত সাতজন আহত হন। গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। রুবেলের পরিবারের কয়েকজন সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।
রিমা আক্তার অভিযোগ করেন, তাকে না জানিয়ে রুবেল দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নেন। তিনি ও তার স্বজনরা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। তবে রুবেলের দাবি, তালাক কার্যকর হওয়ার পর দ্বিতীয় বিয়ের প্রস্তুতির সময় রিমার পরিবারের সদস্যরা তাদের বাড়িতে ঢুকে হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি তিনি জেনেছেন, তবে এ বিষয়ে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।
জে আই