দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার সদর উপজেলায় পুলিশ পরিচয়ে ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গোপালগ্রামে এ ঘটনা ঘটে।
ছাকাম মোল্যা স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং গোপালগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে একটি সাদা রঙের মাইক্রোবাস তার বাড়ির সামনে এসে থামে। এ সময় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানায় এবং তাকে সঙ্গে যেতে বলে। পরিবারের কাউকে সঙ্গে নিতে না দিয়ে দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
পরে পরিবার ও স্থানীয়রা জানতে পারেন, পাশ্ববর্তী বেরইল পলিতা এলাকায় রাস্তার পাশে তাকে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।
ঘটনার পর পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, যারা তাকে তুলে নিয়ে গেছে তারা প্রকৃতপক্ষে পুলিশ নয়, বরং ছদ্মবেশী দুর্বৃত্ত।
জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, ‘পুলিশ পরিচয়ে একজন নেতাকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘ঘটনায় জড়িতরা পুলিশের কেউ নন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
এমএস/