দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ শনিবার (১৮ এপ্রিল) ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস। ২০০১ সালের এই দিনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী গ্রামে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষ সীমান্তবাসীর মনে আজও দুঃসহ স্মৃতি হয়ে আছে।
সেদিন ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বড়াইবাড়ী গ্রামে হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এতে এলাকায় আতঙ্ক ও ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।
তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এবং স্থানীয় গ্রামবাসী সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে বিএসএফের ১৬ সদস্য নিহত হয় বলে জানা গেছে।
এই ঘটনায় শহীদ হন ৩৩ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্স নায়েক ওহিদুজ্জামান, সিপাহী মাহফুজার রহমান এবং ২৬ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী আব্দুল কাদের। এছাড়া উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং স্থানীয় নারী-পুরুষও আহত হন।
সে সময় বড়াইবাড়ী গ্রামের ৬৯টি ঘরবাড়ি পুড়ে যায় এবং প্রায় ২ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই দিনের স্মৃতি এখনো বড়াইবাড়ীর মানুষের মধ্যে দগদগে হয়ে আছে। বর্তমানে সেখানে দুই শতাধিক পরিবার বসবাস করছে।
দিবসটি উপলক্ষে এলাকায় মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এছাড়া বিভিন্ন স্থান থেকে অতিথিরা অনুষ্ঠানে অংশ নেবেন।
কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব বলেন, ‘বড়াইবাড়ী দিবস দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।’
এমএস/