দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কম দামে ওষুধ বিক্রির অভিযোগে একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সংশ্লিষ্ট সমিতি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রগতি মেডিকেল হল নামের একটি ওষুধের দোকানকে শুক্রবার সকাল থেকে বন্ধ রাখতে বাধ্য করা হয়। অভিযোগ উঠেছে, কেমিস্ট অ্যান্ড ড্রাগ অ্যাসোসিয়েশন-এর স্থানীয় নেতারা এ নির্দেশ দেন।
দোকানটির পরিচালক সুদীপ্ত পাল জানান, বৃহস্পতিবার এক অসহায় ভিক্ষুক নির্ধারিত মূল্য পরিশোধ করতে না পারায় মানবিক কারণে একটি ভিটামিন সিরাপ কম দামে বিক্রি করেন তিনি। ওই ওষুধটির এমআরপি ৩৫০ টাকা হলেও তিনি সেটি ১০০ টাকায় দেন। এর পরপরই সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং অমান্য করলে জরিমানার হুঁশিয়ারিও দেওয়া হয় বলে তিনি দাবি করেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সমিতির সভাপতি ইব্রাহিম খলিল বলেন, কম দামে বিক্রির কারণে নয়, ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে দোকান কর্তৃপক্ষ নিজেরাই এক দিনের জন্য বন্ধ রেখেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, সহানুভূতির কারণে ওষুধ দিলে তা বিনামূল্যে দেওয়া উচিত ছিল।
এদিকে স্থানীয় আরেক ব্যবসায়ী মোশাররফ হোসেন অভিযোগ করেন, সমিতির পক্ষ থেকে অতীতে তার কাছ থেকেও জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, এমআরপি’র চেয়ে কম দামে ওষুধ বিক্রির ক্ষেত্রে সমিতি কোনো ছাড় দেয় না এবং এতে ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।
একাধিক ওষুধ ব্যবসায়ী অভিযোগ করেছেন, সমিতির মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তোলা হয়েছে, যেখানে নির্ধারিত নিয়মের বাইরে গেলে জরিমানা গুনতে হচ্ছে। এ অবস্থায় তারা সরকারি হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, কোনো সমিতি বা সংগঠনের নিজস্বভাবে কোনো প্রতিষ্ঠান বন্ধ করার আইনগত ক্ষমতা নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জে আই