দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিম বাজার খালের ওপর বারপাইকা গ্রামে রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়।
অভিযোগ রয়েছে, নির্মাণ কাজে নির্ধারিত মান বজায় রাখা হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী ৫ ইঞ্চি ঢালাই দেওয়ার কথা থাকলেও সেখানে দেওয়া হয়েছে মাত্র সাড়ে ৩ ইঞ্চি। এছাড়া নির্দিষ্ট দূরত্বে রড বসানোর নিয়ম থাকলেও তা মানা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণের সময় নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে এবং ঢালাইয়ের অংশে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ব্রিজ নির্মাণের কথা বলে প্রায় ৮৫ হাজার টাকা নেওয়ার অভিযোগও উঠেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ব্রিজের বাইরে স্থানীয়রা নিজেরাই বাঁশ ব্যবহার করেছেন।
রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজ নির্মাণে প্রথমে দেড় লাখ টাকা এবং পরে ঢালাইয়ের জন্য আরও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ব্রিজ ঢালাইয়ের বিষয়ে তাদের বিভাগকে অবহিত করা হয়নি। নিয়ম অনুযায়ী এলজিইডির অনুমতি ছাড়া এ ধরনের কাজ করা যায় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন এবং সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জে আই