দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম।
সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে। জেলায় মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কর্মসূচি বাস্তবায়নে জেলার বিভিন্ন স্থানে প্রায় ২ হাজার ৫০০টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করবেন।
সভায় সিভিল সার্জন জানান, নিয়মিত ইপিআই টিকাদানের আওতায় কোনো শিশু গত ২৮ দিনের মধ্যে টিকা নিয়ে থাকলে তাকে এই ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করা হবে না। এছাড়া অসুস্থ শিশুকে টিকা না দেওয়ার নির্দেশনা রয়েছে।
তিনি আরও বলেন, অভিভাবকের সম্মতি ছাড়া কোনো শিশুকে টিকা দেওয়া হবে না। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় এবং কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
এমএস/