দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে মানবপাচার মামলার আসামি পুত্রবধু ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকা থেকে তানিয়া বেগমকে এবং রাতে উপজেলার পশ্চিম কাকৈর গ্রাম থেকে তার শ্বশুর সালাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, তানিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতেই সালাম মোল্লার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
গ্রেপ্তার তানিয়া বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের কথিত মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী। সালাম মোল্লা ওই সোবাহানের বাবা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ লাখ টাকার বিনিময়ে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিমন মাতুব্বর (২২) নামে এক যুবককে বিদেশে পাঠানো হয়। ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমে সৌদি আরব, পরে লিবিয়ায় নেওয়া হয়। সেখানে তাকে একটি বন্দিশালায় আটকে রেখে নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে আরও ১২ লাখ টাকা আদায় করা হয়। এরপর থেকে ওই যুবকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় গত ৭ এপ্রিল ভুক্তভোগীর স্বজন বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা সালাম মোল্লা ও স্ত্রী তানিয়াসহ আটজনকে আসামি করে মানবপাচার আইনে মামলা করেন।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তানিয়া ও সালাম মোল্লাকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার তাদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয় এবং আদালতে পাঠানো হয়।
মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/