দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া সদরের উপনির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা দিয়েছে জেলা যুবদল।
শুক্রবার সন্ধ্যায় শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে বিজয়োত্তর আলোচনা সভা শেষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
সংবর্ধনায় রেজাউল করিম বাদশা বগুড়া সদরের সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতিনিধি হিসেবেই তিনি কাজ করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বগুড়ার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ প্রায় দুই দশক ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এই বৈষম্য দূর করতে সিটি কর্পোরেশন বাস্তবায়ন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বগুড়া বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চালু, বগুড়া-ঢাকা রেলপথ চালু এবং করতোয়া নদী রক্ষায় মাস্টারপ্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শহরের ড্রেনেজ ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি শৃঙ্খলা মেনে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বগুড়া জেলা যুবদলের পক্ষ থেকে রেজাউল করিম বাদশাকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়। একই সঙ্গে বগুড়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকেও সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা আয়োজন প্রসঙ্গে যুবদল নেতারা বলেন, তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়া রেজাউল করিম বাদশার এই বিজয় বগুড়াবাসীর বিজয়। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এই সংসদ সদস্যের মাধ্যমে বগুড়ার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণ হবে।
এমএস/