দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে একটি কুলখানি অনুষ্ঠানে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর ভগিরথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন, আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) এবং ইব্রাহিম (৫)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি উপলক্ষে ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আশপাশের এলাকা থেকে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ জড়ো হন।
জুমার নামাজ শেষে বিদ্যালয়ের গেট খুলে দেওয়া হলে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে অন্তত ১৫ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশানারা কবির জানান, এ ঘটনায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, কুলখানি অনুষ্ঠান আয়োজনের জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। তবে পদদলিত হয়ে আহত হওয়ার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
জে আই