দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এস এস দারুল খাঈর মাদরাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার রাবাইতারী এলাকায় খড়িবাড়ী-নাগেশ্বরী সড়কের পাশে অবস্থিত মাদরাসার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অভিযোগে জানা যায়, গত ৫ এপ্রিল রাতে পার্শ্ববর্তী একটি অনুষ্ঠান দেখতে যায় মাদরাসার বেশকিছু শিক্ষার্থী। ওই সময় মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী (৮) মাদরাসায় অবস্থান করছিল। এই সুযোগে অভিযুক্ত শিক্ষক হামিদুল হক জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন।
পরবর্তীতে শিশুটি বাড়ি যেতে চাইলে তাকে আটকে রাখা হয়। পরের দিন বাবার অসুস্থতার অজুহাতে শিশুটি বাড়িতে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদে পুরো ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে গত সোমবার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসাটিতে তালা ঝুলিয়ে দেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাড়ি উপজেলার রামরাম সেন গ্রামের এবং অভিযুক্ত শিক্ষক হামিদুল হক পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাজিটারী গ্রামের নুরল হকের ছেলে।
ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ওই শিক্ষার্থীর বড় ভাই বলেন, ‘আমার ছোট ভাই মাদরাসায় পড়ে। সেদিন রাতে সবাই বাইরে অনুষ্ঠানে থাকায় ওই শিক্ষক সুযোগ নিয়ে তার ওপর নির্যাতন চালায়। আমার ভাই বাড়িতে এসে কান্নাকাটি করে আমাদের সব জানায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দোষী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
অভিযুক্ত শিক্ষক হামিদুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি।
এস এস দারুল খাঈর মাদরাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম সুজা বলেন, ‘এই জঘন্য ঘটনার সঙ্গে যে শিক্ষক জড়িত তার শাস্তির দাবি জানাচ্ছি।’
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, অভিযোগকারীরা থানায় এসে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ