দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ভেদরগঞ্জে পুরাতন ব্যাটারি থেকে সীসা উৎপাদনকারী একটি অবৈধ কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার মহিষকান্দি এলাকায় সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বির নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটি ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সুমন দালাল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে সেখান থেকে সীসা উৎপাদন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, কারখানাটির কারণে এলাকায় বিষক্রিয়া ছড়িয়ে গবাদিপশু মারা যাচ্ছিল।
এর আগে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কারখানাটি বন্ধ করে জরিমানা করা হলেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আঁধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি।
পরবর্তীতে মঙ্গলবার কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এক্সাভেটরের মাধ্যমে কারখানাটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান বলেন, সীসা দূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এটি কৃষি ও প্রাণিসম্পদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। পূর্বে ব্যবস্থা নেওয়ার পরও কারখানাটি গোপনে চালু থাকায় পুনরায় অভিযান চালানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে. এম. রাফসান রাব্বি জানান, কারখানাটিতে নিয়মনীতি উপেক্ষা করে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল। এতে পরিবেশ দূষণের পাশাপাশি গবাদিপশুর ক্ষতি হচ্ছিল। এছাড়া কোনো ধরনের লাইসেন্স ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিল।
তিনি আরও জানান, কারখানাটি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ভূমির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এমএস/