দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষাখাতে আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল শিল্পকলা একাডেমির মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে। শিক্ষাখাতের দীর্ঘদিনের অভাব-অনটন দূর করতে বাজেটে বাড়তি বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় অভিন্ন মানদণ্ড বজায় রাখতে সারাদেশে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা হবে।
মন্ত্রী আরও জানান, মেট্রোপলিটন এলাকাগুলোতে শিক্ষা কার্যক্রম গতিশীল করতে অনলাইন ও অফলাইন ক্লাস সমন্বয়ের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। পরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী বরিশাল সিটি করপোরেশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন।
এমএস/