দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের নড়াগাতী থানা এলাকায় এক গৃহবধূকে ব্লেড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে।
শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ মিতু বেগম বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে গেলে আগে থেকে ওত পেতে থাকা তার সাবেক স্বামী নুরে আলম মল্লিক পেছন থেকে তাকে জাপটে ধরে। এ সময় ব্লেড দিয়ে তার মুখ, চোখ, গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে গলা কেটে হত্যারও চেষ্টা করা হয়।
মিতু বেগম জানান, হামলার সময় অভিযুক্ত তাকে হত্যার হুমকি দেয়। তার চিৎকার শুনে ভাই মহিদুল এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, তার শরীরে একাধিক স্থানে গুরুতর জখম হয়েছে এবং প্রায় ৪৫টি সেলাই দিতে হয়েছে।
মিতুর ভাই মহিদুল বলেন, প্রায় দেড় মাস আগে সামাজিকভাবে নুরে আলমের সঙ্গে তার বোনের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকেই নুরে আলম ক্ষোভ পোষণ করছিল বলে দাবি করেন তিনি। তিনি অভিযুক্তকে মাদকাসক্ত ও মাদক ব্যাবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন এবং ঘটনার বিচার দাবি করেন।
এদিকে অভিযুক্ত নুরে আলম মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই