দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী সদর উপজেলায় জান্নাতি আক্তার নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাউকাঠি ইউনিয়নের তেলিখালি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জান্নাতি আক্তার ওই গ্রামের ফারুক মৃধার মেয়ে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর থানার কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। তবে প্রাথমিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
এদিকে নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতা ও জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে জান্নাতিকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন মরদেহের পা মাটির সঙ্গে লেগে ছিল। তাদের মতে, আত্মহত্যার ক্ষেত্রে এমনটি হওয়ার কথা নয়। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন ও রক্তের উপস্থিতি হত্যার সন্দেহ আরও জোরালো করছে বলে দাবি তাদের।
পরিবার আরও জানায়, সম্প্রতি বাড়ি নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ তৈরি হয় এবং সে সময় হুমকিও দেওয়া হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরাও জানায়, মরদেহের অবস্থান ও ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জে আই