দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার দেবীদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে এক যাত্রী নিহত ও চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার বেলা সোয়া একটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল (৭০) দেবীদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি হলুদ ও মরিচের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে পরিবার জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ‘নিউ সুগন্ধা’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কোম্পানীগঞ্জ থেকে ময়নামতিগামী সিএনজিটিকে চাপা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয় এবং চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সিএনজি চালক মো. ইসমাইল জানান, কোম্পানীগঞ্জ থেকে তিন যাত্রী নিয়ে ময়নামতির উদ্দেশ্যে রওনা হয়ে কালিকাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসচালক মো. রাজা মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
মীরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, নিহত ব্যক্তির মরদেহ থানায় রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এমএস/