দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির একটি সংঘবদ্ধ চক্রের কার্যক্রম আবারও সক্রিয় হওয়ার প্রমাণ মিলেছে। অভিযান চালিয়ে ১২টি জীবিত ঘোড়া উদ্ধার এবং বিপুল পরিমাণ জবাইকৃত মাংস জব্দ করেছে র্যাব-১।
শুক্রবার ভোররাতে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের একটি বাউন্ডারি ঘেরা প্লটে অভিযান চালিয়ে একটি বাচ্চাসহ ১২টি ঘোড়া উদ্ধার করা হয়। একই স্থান থেকে জবাইকৃত নয়টি ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে। র্যাবের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ভোর সাড়ে তিনটার দিকে শামসুল হক ভরসা নামে এক ব্যক্তি তার প্লটের ভেতরে ২০ থেকে ২৫ জনকে জবাই কার্যক্রম চালাতে দেখে সন্দেহ হলে র্যাবকে খবর দেন। পরে র্যাব ঘটনাস্থলে পৌঁছালে জড়িতরা পালিয়ে যায়।
সকালে আশপাশের আরও কয়েকটি প্লটে অভিযান চালিয়ে অন্তত ১৬টি ঘোড়ার জবাইকৃত মাংস বস্তাভর্তি ও খোলা অবস্থায় উদ্ধার করা হয়। বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ হাড়ও উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব মাংস গরুর মাংস হিসেবে রাজধানীসহ আশপাশের জেলার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে সরবরাহ করা হচ্ছিল।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্থানীয়দের ভিড় জমে এবং তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন, পুলিশ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলা হয় এবং উদ্ধারকৃত ঘোড়াগুলো নিরাপদ স্থানে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, পূর্বাচল বিস্তীর্ণ এলাকা হওয়ায় সীমিত জনবল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষা করা চ্যালেঞ্জিং হলেও এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় জানান, মাংস কোথায় সরবরাহ করা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।
এমএস/