দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি পোশাক কারখানায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
রোববার (২২ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে ২টার মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পুখুরিয়া এলাকায় অবস্থিত ‘এ্যাডভান্সড এ্যাটেয়ার লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটিতে কারখানাটি বন্ধ থাকার সুযোগে ১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে কারখানার ৯ জন নিরাপত্তাকর্মী ও এক সহকারী প্রশাসনিক কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে।
এরপর ডাকাতরা কারখানা জুড়ে ভাঙচুর চালিয়ে পাওয়ার গ্রিডের মূল্যবান যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
কারখানার সিকিউরিটি ইনচার্জ মো. পারভেজ বলেন, পাওয়ার গ্রিডের অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা হতে পারে।
কারখানার পরিচালক আওলাদ হোসেন চৌধুরী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঘিওর থানার ওসি মীর মাহবুব জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত শুরু করেছেন।
জে আই