দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, নির্বাচনে যারা তার জন্য কাজ করেছেন, তারাই তার ‘বড় আত্মীয়’। তিনি আশ্বাস দেন, যারা তার সঙ্গে রয়েছেন তারা অন্যায় ও অবিচার করবেন না।
রোববার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল হাইস্কুল মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘যারা অসহায়, তাদের আমরা চাকরি ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সহায়তা করবো, কিন্তু ক্ষুদ্র সাহায্য দিয়ে কারও সম্মান নষ্ট করা যাবে না। ছোটখাটো সহায়তা লাগলে আমি নিজেই করবো।’
তিনি আরও বলেন, নির্বাচনের সময় মাঠে যারা কাজ করেছেন, তাদের কেউ অপমানিত হননি এবং সাধারণ মানুষের সমর্থনেই তার বিজয় সম্ভব হয়েছে। চরকাজল ও চরবিশ্বাস এলাকার মানুষ মনোযোগ দিয়ে কাজ করেছেন এবং বিভিন্ন মতের মানুষ তাকে ভোট দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় প্রতিমন্ত্রী জানান, চরকাজল ও চরবিশ্বাস এলাকায় এমবিবিএস চিকিৎসক নিয়োগ এবং একটি থানা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি।
গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়ন শাখা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহআলম, গলাচিপা উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান, চরশিবা সাংগঠনিক ইউনিয়ন শাখার আহ্বায়ক আব্দুস সোবাহান গাজী এবং চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এমএস/